অরুণ কুমার বিশ্বাস
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি মাস্টার্স সম্পন্ন করেন অপরাধবিজ্ঞান বিষয়ে। লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।
তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ। ঘুরতে পছন্দ করেন। নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়। বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে নিয়মিত গল্প লিখছেন। শিশু-কিশোরদের জন্যও লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প। পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে রম্যধাঁচে নিয়মিত কলাম লিখছেন। তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।
লেখক মূলত গোয়েন্দাগল্পের দারুণ ভক্ত। লেখা থেকে শেখা, তার মানে অন্ধ অনুকরণ নয়। বিশ্বসাহিত্যের বিভিন্ন শাখায় অবাধ বিচরণের সুবাদে বেশকিছু গোয়েন্দা উপন্যাস লিখেছেন তিনি। ক্রাইম জোন, অশরীরী, অন্তরালে, ক্রাইসিস, কফিমেকার, জলপিপি, যে রহস্যের কিনারা হয়নি, মুখোশের আড়ালে, আলিম বেগের খুলি, অথই আঁধার, জগু তার মধ্যে উল্লেখযোগ্য। লেখকের নির্মিত পাঠকপ্রিয় গোয়েন্দা চরিত্র অলোকেশ রয় ও গোয়েন্দা গুবলু। অসামান্য মেধার স্বীকৃতি হিসেবে নটরডেম কলেজ থেকে তিনি ‘অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স’ এবং কথাসাহিত্যে চ্যানেল আই প্রবর্তিত ‘এসিআই-আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৮’ ও জিগীষা সাহিত্যসম্মাননা-২০২০ লাভ করেন।
তাঁর জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন জহরের কান্দি গ্রামে। স্ত্রী ডা. তপতী মণ্ডল। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে। পুরো লেখক পরিবার।